নিজস্ব প্রতিবেদক, পাবনা: বাংলাদেশ মুজাহিদ কমিটি পাবনা পশ্চিম জেলা শাখার উদ্যোগে আগামী ৭ জুলাই ২০২৬ (মঙ্গলবার) বাদ আছর থেকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে এক বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরুল মুজাহিদীন মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক মুফতী নাজমুল হাসান ও সদস্য সচিব মোঃ আব্দুল মমিন হোসেন জানান আগামী ৭ জুলাই সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে আমীরুল মুজাহিদীন মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) তাশরীফ আনবেন এই উপলক্ষে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। মাহফিল সুস্থ ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য ১৫ সদস্য বিশিষ্ট একটি সাব কমিটিও করা হয়েছে।
বাংলাদেশ মুজাহিদ কমিটি পাবনা জেলা সাধারণ সম্পাদক মুফতী মুক্তাদির হোসাইন মারুফ বলেন, ইসলামী মূল্যবোধ, নৈতিকতা এবং দ্বীনি চেতনা জাগ্রত করার লক্ষ্যে এ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
বাংলাদেশ মুজাহিদ কমিটি পাবনা পশ্চিম জেলা শাখার পক্ষ থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানকে যথাসময়ে উপস্থিত থেকে মাহফিলকে সফল করার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন বাংলাদেশ মুজাহিদ কমিটি পাবনা পশ্চিম জেলা শাখার ছদর মাওলানা আব্দুল জলিল।


