পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলায় পাম অয়েল, ব্লিচিং পাউডার, কেমিক্যাল জেল ও খাবার সোডাসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে নকল দুধ তৈরির অভিযোগে এক নারীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিপুল পরিমাণ নকল দুধ ও দুধ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার পেঁচাকোলা ঘাট এলাকার একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান। এ সময় পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে বড় আকৃতির ডেগে সংরক্ষণ করা বিপুল পরিমাণ নকল দুধ পাওয়া যায়। পাশাপাশি দুধ তৈরির কাজে ব্যবহৃত পাম অয়েল, ব্লিচিং পাউডার, কেমিক্যাল জেল, খাবার সোডা, গরম ছানার পানি, ক্রিম, ফ্যাট তোলা দুধ ও ব্লেন্ডার মেশিনসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
অভিযানকালে বাড়ির মালিক উত্তম ঘোষকে পাওয়া না গেলেও তাঁর স্ত্রী পলি ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রশাসনের দাবি, জিজ্ঞাসাবাদে তিনি তাঁর স্বামীর সঙ্গে এসব উপকরণ ব্যবহার করে নকল দুধ তৈরি ও বাজারজাত করার কথা স্বীকার করেন।
পরে জব্দ করা আলামত, সাক্ষীদের বক্তব্য ও অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় পলি ঘোষকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে নকল দুধ তৈরি করা হচ্ছিল। অভিযুক্ত নারী অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় এবং তাঁর অপ্রাপ্তবয়স্ক সন্তান ও বৃদ্ধ শাশুড়ির বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে কারাদণ্ডের পরিবর্তে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং নকল দুধ উৎপাদন ও বাজারজাত বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


