পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগরে মাদক, চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে এক বিশাল নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সুজানগর বাজারে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব বলেন, “আজ থেকেই সুজানগর ও বেড়া উপজেলায় চাঁদাবাজ, দখলবাজ, মাদক কারবারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালিত হবে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।” তিনি আরও বলেন, মাদক বিক্রি, সেবন কিংবা এসব অপরাধে সহায়তাকারীদের বিরুদ্ধে প্রশাসন ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাবেশে জানানো হয়, অপরাধ দমনে প্রতিটি ইউনিয়নে বিশেষ কমিটি গঠন এবং অপরাধীদের তালিকা প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছে।
বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ দখলের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনের কঠোর পদক্ষেপের মাধ্যমে সুজানগরকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।


