নিজস্ব প্রতিবেদক : সরকারি ও বেসরকারি আলিয়া মাদরাসায় সহকারী মৌলভী (মুজাব্বিদ/কারী) এবং ইবতেদায়ী মৌলভী (কারী) পদে কওমী মাদরাসার দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগের সুযোগ সৃষ্টি হতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগ এ বিষয়ে ইতিবাচক উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আলিয়া মাদরাসার সহকারী মৌলভী (মুজাব্বিদ/কারী) পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতার মধ্যে কওমী মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস সনদ অন্তর্ভুক্ত করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে কওমী শিক্ষাব্যবস্থায় অধ্যয়নরত যোগ্য ক্বারী ও হাফেজরা সরকারি চাকরির সুযোগ লাভ করবেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, শিগগিরই দেশের বিভিন্ন আলিয়া মাদরাসায় ১৩ হাজারেরও বেশি সহকারী মৌলভী (মুজাব্বিদ/কারী) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। এসব পদ জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডভুক্ত হবে।
এছাড়া কওমী মাদরাসার দাওরায়ে হাদিস সনদের পাশাপাশি ইলমে কিরাত অথবা তাহফীজুল কুরআনের সনদধারীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, বিভিন্ন সূত্রে প্রকাশিত তথ্যে বলা হয়েছে যে, কওমী মাদরাসার দাওরায়ে হাদিস সনদধারীরা সহকারী মৌলভী (কারী) ও ইবতেদায়ী মৌলভী (কারী) পদে আবেদন করার সুযোগ পাবেন। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে কওমী ও আলিয়া শিক্ষাব্যবস্থার মধ্যে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
শিক্ষাবিদরা বলছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে দক্ষ ক্বারী ও হাফেজদের জন্য সরকারি ও এমপিওভুক্ত মাদরাসায় কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে এবং কুরআন শিক্ষার মান আরও উন্নত হবে।

উল্লেখ্য, নিয়োগ সংক্রান্ত চূড়ান্ত প্রজ্ঞাপন ও বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত প্রার্থীদের শিক্ষা মন্ত্রণালয় ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আনুষ্ঠানিক ঘোষণার দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।


