পাবনা প্রতিনিধি : পাবনা শহরে নাশকতা ও মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে আব্দুল ওহাবের নাম-পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পাবনা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিরা শহরে নাশকতার পরিকল্পনা নিয়ে মাইক্রোবাসে করে এসে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাবনা সদর থানায় পাঠানো হয়েছে।
এদিকে, ৫ আগস্টের পর আব্দুল ওহাবকে এ নিয়ে তৃতীয়বারের মতো আটক করা হলো। এর আগে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি মথুরাপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরে পুলিশ ভ্যানে তোলার সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে জোরপূর্বক ছিনিয়ে নেন। এ ঘটনায় আট পুলিশ সদস্য আহত হন বলে পুলিশ সূত্রে জানা যায়।
ঘটনার তিন দিন পর, ৫ ফেব্রুয়ারি পুলিশ পুনরায় আব্দুল ওহাবকে গ্রেপ্তার করে। পরে তিনি জামিনে মুক্ত হয়ে সুজানগর এলাকায় আওয়ামী লীগের কার্যক্রম চালিয়ে সক্রিয় হওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
এরপর চলতি বছরের ২৩ এপ্রিল দিবাগত রাতে সুজানগর উপজেলার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল ওহাবসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ২১ নেতাকর্মীকে আটক করে পুলিশ। কয়েক সপ্তাহ পর তারা জামিনে মুক্তি পান।
সর্বশেষ বুধবার সকালে পাবনা শহরে মিছিলের প্রস্তুতিকালে আব্দুল ওহাবসহ ১৫ জনকে আটক করল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


