পাবনা প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রাজমনি ইসলামের আত্মহত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পাবনা শহরের ডিগ্রি বটতলা এলাকার বাদশা ছাত্রী নিবাসের একটি কক্ষ থেকে রাজমনি ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত রাজমনি ইসলাম ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ গ্রামের বাসিন্দা। তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (১৭তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন এবং পাবনা শহরের একটি ছাত্রীনিবাসে অবস্থান করতেন।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা হিসেবে দেখা হলেও তদন্ত শেষ হওয়ার পর বিস্তারিত জানা যাবে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, রাজমনি দীর্ঘদিন ধরে বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। পারিবারিক আর্থিক সংকট এবং ব্যক্তিগত মানসিক চাপের কারণে তিনি হতাশায় ভুগছিলেন বলে স্বজনদের দাবি। তবে এ বিষয়ে পুলিশের তদন্ত এখনও চলমান এবং আনুষ্ঠানিকভাবে কোনো চূড়ান্ত কারণ নিশ্চিত করা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাশেদুল হক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, একজন শিক্ষার্থীর এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত এবং শিক্ষার্থীর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে।


