সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় পাওনা টাকা চাওয়া এবং ডিঙি নৌকায় ওঠাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাঁথিয়া পৌরসভার বোয়াইমারী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে কয়েকজনকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বোয়াইমারী গ্রামের আশরাফুল ইসলামের ফুফাতো ভাই নাসিমের কাছে টাকা পাওনা ছিল। রোববার সন্ধ্যায় ওই টাকা চাওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একই সময়ে ডিঙি নৌকায় ওঠা নিয়েও বিরোধ দেখা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
সংঘর্ষে আশরাফুল ইসলাম (২৮), মারুফ (১৬) ও আলামিন (২৮) আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় তিনজনকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অন্য পক্ষের সোহেল (৩৭), হাবিবুর রহমান হাবিল (৫২) ও টুটুল (৩২) আহত হয়ে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
ঘটনার পর এ বিষয়ে সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


