নিজস্ব প্রতিবেদক: পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে বড় অগ্রগতি এসেছে। বাংলাদেশ রেলওয়ে ঢাকা–পাবনা রুটে নতুন একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসে প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী কোচ বহরে যুক্ত হওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা–পাবনা এবং ঢাকা–খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
রেলওয়ের পশ্চিমাঞ্চলের কর্মকর্তারা জানান, নতুন ট্রেন চালু হলে পাবনা জেলার যাত্রীদের রাজধানীর সঙ্গে যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে ভ্রমণকারীদের দুর্ভোগও অনেকটাই কমে আসবে।
জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, ট্রেন চালুর পাশাপাশি সময়সূচি, টিকিট ব্যবস্থা এবং সেবার মানও উন্নত করা হবে।


