নিজস্ব প্রতিবেদক: আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬। নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ শুরু হবে দুপুর ২টায়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচন আয়োজনের বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম এমপি, বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপি এবং হুইপ আলহাজ্ব মো. জি. কে. গউছ এমপি, রকিবুল ইসলাম বকুল এমপি, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপি, মো. আখতারুজ্জামান মিয়া এমপি ও এ. বি. এম. আশরাফ উদ্দিন (নিজান) এমপি উপস্থিত ছিলেন।
‘রাষ্ট্রপতি নির্বাচন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ’
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, রাষ্ট্র কাঠামোর সর্বস্তর থেকে ফ্যাসিবাদমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। তাঁর মতে, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনের ধারায় রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ।
সভায় রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য জাতীয় সংসদের অধিবেশন কক্ষ ব্যবহারের বিষয়টি অনুমোদন করা হয়। পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা প্রদান এবং সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার পাশাপাশি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়।
প্রধান নির্বাচন কমিশনার পরিচালনা করবেন নির্বাচন
বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার জাতীয় সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৩ ধারা অনুযায়ী এ নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার।
প্রস্তুতিমূলক সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত তথ্য
- নির্বাচন: রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬
- তারিখ: ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার
- ভোটগ্রহণ: দুপুর ২টা থেকে বিকেল ৫টা
- স্থান: জাতীয় সংসদ কক্ষ
- নির্বাচন পরিচালনা: প্রধান নির্বাচন কমিশনার
- আইনি ভিত্তি: রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৩ ধারাদ


