Google search engine
Homeপাবনাপাবনায় বর্জ্য ব্যবস্থাপনায় পৌরসভা-স্কয়ার-ব্র্যাকের ত্রিপক্ষীয় উদ্যোগ

পাবনায় বর্জ্য ব্যবস্থাপনায় পৌরসভা-স্কয়ার-ব্র্যাকের ত্রিপক্ষীয় উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনা শহরের বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর ও টেকসই করতে পাবনা পৌরসভা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ও ব্র্যাকের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় পাবনা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। পাবনা পৌরসভার আয়োজনে স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ব্র্যাকের সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সমঝোতা স্মারকে ব্র্যাকের পক্ষে নির্বাহী পরিচালক আসিফ সালেহ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী এবং পাবনা পৌরসভার পক্ষে পৌর প্রশাসক মো. খায়রুল ইসলাম স্বাক্ষর করেন। চুক্তিটি প্রাথমিকভাবে দুই বছরের জন্য কার্যকর থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, পাবনা শহরে প্রতিদিন গড়ে প্রায় ১০৩ টন বর্জ্য উৎপন্ন হয়। বর্তমানে বর্জ্য সংগ্রহ ব্যবস্থা পুরোপুরি কার্যকর না হওয়া এবং সরাসরি ল্যান্ডফিলে ময়লা ফেলার কারণে বিভিন্ন ড্রেন ও ইছামতি নদীতে বর্জ্য জমে জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনায় রয়েছে নানা সীমাবদ্ধতা।

নতুন উদ্যোগের আওতায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শক্তিশালী ও ঢাকনাযুক্ত কমিউনিটি বিন স্থাপন, নির্দিষ্ট সময়ে বর্জ্য ফেলার ব্যবস্থা এবং নিয়মিত বর্জ্য সংগ্রহের ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি স্কুল, কলেজ, মাদ্রাসা, কাঁচাবাজারসহ বিভিন্ন স্থানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে ডাস্টবিন ব্যবস্থাপনা ও মনিটরিংয়ের ওপরও গুরুত্ব দেওয়া হবে। পৌরসভার বিদ্যমান ব্যবস্থার সঙ্গে সমন্বয় করেই কার্যক্রম বাস্তবায়নের কথা রয়েছে।

এই অংশীদারত্বে পাবনা পৌরসভা প্রাতিষ্ঠানিক নেতৃত্ব ও তদারকির দায়িত্ব পালন করবে। স্থানীয় বাস্তবতা ও বিভিন্ন অংশীজনের মতামত বিবেচনায় নিয়ে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে ব্র্যাক কারিগরি নেতৃত্ব দেবে। অন্যদিকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস আঞ্চলিক অংশীদার হিসেবে উদ্যোগটিতে সহযোগিতা করবে।

অনুষ্ঠানে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে নিজেদের শহরের সমস্যা সমাধানে স্থানীয়ভাবে উদ্যোগ নেওয়া প্রয়োজন। সমন্বিতভাবে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা গেলে তা অন্যদের জন্যও অনুকরণীয় হতে পারে।

তিনি বলেন, প্রায় দুইশ বছরের পুরোনো পাবনা শহরকে আরও উন্নত ও বসবাসযোগ্য করতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। শহরকে পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাবনা পৌরসভার প্রশাসক মো. খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিষু, পুলিশ সুপার আবু আশ্রাফ, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, ব্র্যাকের পরিচালক ড. মো. লিয়াকত আলীসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।

সংশ্লিষ্টরা বলছেন, পরিকল্পনাটি বাস্তবায়নে শুধু পৌরসভা বা অংশীদার প্রতিষ্ঠানগুলোর উদ্যোগই যথেষ্ট নয়; নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও জরুরি। নাগরিকদের সহযোগিতায় উদ্যোগটি সফল হলে পাবনা শহরের বর্জ্য ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন আনার পাশাপাশি একটি টেকসই মডেল গড়ে তোলার সম্ভাবনা রয়েছে।

আরো সংবাদ

কমেন্ট করুন

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বশেষ