পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নিহত আব্দুল আজিজের জন্য আয়োজিত দোয়া মাহফিল শেষে স্থানীয়রা বিক্ষোভ মিছিল বের করেন। এতে নিহতের স্বজন, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
নিহত আব্দুল আজিজ (৫৫) সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ডাঙ্গামাণু গ্রামের বাসিন্দা ও পেঁয়াজ ব্যবসায়ী ছিলেন। গত ৭ সেপ্টেম্বর তিনি নিখোঁজ হওয়ার পর পরদিন মিয়াপুর এলাকার একটি পুকুর থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে ব্যবসার টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে বলে জানানো হয়েছিল। এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) মামলার প্রধান অভিযুক্ত রেজাউল করিম প্রামাণিক ওরফে বাঘাকে নরসিংদী থেকে গ্রেপ্তারের কথা জানায়।
বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।


